
জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী নাছিমা আক্তারের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, বামনী বাংলাবাজার পালবাড়ি আশ্রয়ণ কেন্দ্রে ৩৮ নম্বর ঘরটি দু’দফায় বিক্রি করে তিনি প্রায় ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। প্রথমে কুলসুমা আক্তারের কাছ থেকে টাকা নেওয়ার পর, পরে ভুক্তভোগী কিরণের কাছ থেকেও অতিরিক্ত ২০ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ।
ভুক্তভোগী কিরণ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্বামী আমাকে ছেড়ে গেছে। মানুষের বাড়িতে কাজ করে কষ্টে টাকা জোগাড় করে ঘর কিনেছি। এখন মেম্বারের চাপে ঘর হারানোর শঙ্কায় আছি। যদি আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়, আমার আর কোনো আশ্রয় থাকবে না।”
ঘরটির আগের মালিক কুলসুমাও অভিযোগ করেন, সরকারি ঘর দেওয়ার জন্য তাকেও টাকা দিতে হয়েছিল। তিনি বলেন, “নাছিমা মেম্বার আমাদের দু’জনের কাছ থেকেই টাকা নিয়েছেন। আমরা গরীব অসহায়, অথচ সরকারি ঘরকে ব্যবসা বানানো হয়েছে।”
এলাকাবাসীর দাবি, আশ্রয়ণ প্রকল্পের আরও অনেক ঘর কেনাবেচা হয়েছে। এতে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত মেম্বার নাছিমা আক্তারের বক্তব্য জানা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :