মহিপুরে জৈব সার উৎপাদন ও চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী | Daily AjKaler Kontho

মহিপুরে জৈব সার উৎপাদন ও চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
মহিপুরে জৈব সার উৎপাদন ও চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : জৈব সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং জৈব চাষাবাদের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে অনুষ্ঠিত হয়েছে লোকসংগীত, কৃষি পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও একরাব প্রকল্পের উদ্যোগে উপজেলার মনোহরপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, মিস্টার জর্জ বৈরাগী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা, মো. আশরাফ আলী হাওলাদার, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক, মোঃ মিজানুর রহমান, ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মো. ইব্রাহিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট ও অন্যান্য জৈব সার ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি মাটির উর্বরতাও বজায় থাকবে। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনেও জৈব সার ব্যবহারের বিকল্প নেই।

কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত লোকসংগীত ও পথনাটকে দেখানো হয়—কীভাবে জৈব সার তৈরি করা যায়, কীভাবে বাজারজাত করা যায় এবং এর ব্যবহার কৃষকের জন্য কতটা লাভজনক। মাল্টিমিডিয়া প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের সামনে সফল জৈব চাষাবাদের বাস্তব উদাহরণ তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক ও তথ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয়ভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপণনে নতুন উদ্যোক্তা তৈরি হবে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং স্বাস্থ্যসম্মত শস্য উৎপাদন বাড়বে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার ধরিত্রী প্রকল্পের ফিল্ড ফেসিলেটর, কাজল ঘরামী।

আজকালের কন্ঠ/আর বি/এম