দুমকিতে চরের মাটি কাটাকালে ট্রলারসহ ৫ শ্রমিক আটক | Daily AjKaler Kontho

দুমকিতে চরের মাটি কাটাকালে ট্রলারসহ ৫ শ্রমিক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
দুমকিতে চরের মাটি কাটাকালে ট্রলারসহ ৫ শ্রমিক আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা নদীর তীরবর্তি চরের মাটি কাটার সময় ট্রলারসহ চার শ্রমিককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছে, নাসির হাওলাদার (৩৫), নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০), আবদুস ছালাম (৪৫), মো: সহিদুল (৪০) সর্ব সং নায়ঙ্গল, উপজেলা বাকেরগঞ্জ, জেলা বরিশাল। শুক্রবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে শ্রমিকরা ট্রলারে করে চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে পাশর্^বর্তি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ ৫জনকে আটক করে পুলিশ। তবে মাটি কাটার মূল হোতা পালিয়ে গেছে বলে জানা গেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এ ঘটনায় আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।নদীর চর থেকে অবৈধ মাটি কাটায় ভাঙ্গনসহ পরিবেশের বড় ধরনের ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি চরাঞ্চল থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

আজকালের কন্ঠ/আর বি