ডিম হামলার শিকার এনসিপি নেতা নিউইয়র্কে, গাজীপুরে ক্ষোভে মশাল মিছিল | Daily AjKaler Kontho

ডিম হামলার শিকার এনসিপি নেতা নিউইয়র্কে, গাজীপুরে ক্ষোভে মশাল মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
ডিম হামলার শিকার এনসিপি নেতা নিউইয়র্কে, গাজীপুরে ক্ষোভে মশাল মিছিল

গাজীপুর জেলা প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেনসহ জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গাজীপুর মহানগর ও জেলা এনসিপির উদ্যোগে নগরীর মসজিদ মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “নিউইয়র্কে আক্তার হোসেনের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি গণঅভ্যুত্থানের উপর হামলা।” তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দোষী ও ইন্ধনদাতা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কঠোর আন্দোলনে নামবেন তারা। বক্তারা অভিযোগ করেন, এসব হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। এ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল-মিটিং করতে না পারে সে বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপও দাবি করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লা আল মুহিম, এনসিপি কেন্দ্রীয় নেতা এম এম শোয়াইব, কেন্দ্রীয় শ্রমিক উইংস নেতা আরমান হোসাইন, গাজীপুর মহানগর যুবশক্তি আহ্বায়ক তরিকুল ইসলাম এবং বাংলাদেশ অগণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) গাজীপুর জেলা আহ্বায়ক বশির আহমেদ অপু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবশক্তি গাজীপুর মহানগরের সিনিয়র সদস্য সচিব মো. তানজিল। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির শ্রমিক উইংস কেন্দ্রীয় সংগঠক সাগর ইসলাম, মহানগর যুবশক্তির সদস্য সচিব ওমর ফারুক, মহানগর যুবশক্তির মুখ্য সংগঠক আকাশ ঘোষ, এনসিপি নেতা শান্ত, মোজাম্মেল, মো. মঈন এবং বাগছাস টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক প্রার্থী নাজমুল ইসলাম সরকারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি/আর