নওগাঁয় ৪ ভুয়া পুলিশসহ গ্রেফতার ৬ | Daily AjKaler Kontho

নওগাঁয় ৪ ভুয়া পুলিশসহ গ্রেফতার ৬


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
নওগাঁয় ৪ ভুয়া পুলিশসহ গ্রেফতার ৬

মোঃ আরাফাত আলী : নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি ধরতে গিয়ে এক নারীসহ ভুয়া চার পুলিশ সদস্য এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় আরও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ভুয়া পুলিশ সদস্যদের কাছ থেকে দুটি ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক, দুটি হ্যান্ডকাফ, দুটি ডেমো শর্টগান ও একটি ডেমো পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের জলিল চত্বর চেকপোস্ট থেকে ওই চারজনকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে ধরা হয়।

গ্রেফতারকৃত ভুয়া পুলিশ সদস্যরা হলেন, ঢাকার উত্তর ভাটারার সাবরিনা (২৯), নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), দ্বীন ইসলাম (৩৮) ও ঢাকার ফুল মিয়া (৪২)। আর চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েন, নওগাঁর আরিফ (২৯) ও ফরহাদ হোসেন ওরফে শোভন (২৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, ভুয়া পুলিশ পরিচয়দানকারীরা শুটিংয়ের কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে গ্রেফতার দুই যুবক স্থানীয় প্রাণিসম্পদ অফিসের এক নারী কর্মীর কাছে ১ লাখ ২৮ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা নিতে এলে হাতেনাতে ধরা পড়ে তারা।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।