রাজাপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা | Daily AjKaler Kontho

রাজাপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
রাজাপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে শুক্রবার দিনব্যাপী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা। ডিজিটাল প্লাটফর্মে সফল তরুণ কনটেন্ট নির্মাতাদের উদ্যোগে পিংড়ি এলাকায় কবি জীবনানন্দ দাস সংগ্রহশালা ও পাঠাগার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত চলে প্রাণবন্ত পিকনিক, কেক কাটা, আড্ডা এবং সফলতা বিনিময়ের মসমুগ্ধকর নানা অনুষ্ঠান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ও মনিটাইজেশন পাওয়া কনটেন্ট নির্মাতা তরুণ-তরুণীরা। দিনব্যাপী আয়োজনের মূল আলোচনায় উঠে আসে ডিজিটাল কনটেন্ট তৈরির চ্যালেঞ্জ, উপার্জন বাড়ানোর কৌশল, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং রাজাপুরে একটি সমন্বিত কনটেন্ট নির্মাতা কমিউনিটি গঠনের পরিকল্পনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক রহিম রেজা,সাংবাদিক এম খায়রুল ইসলাম পলাশ, কনটেন্ট ক্রিয়েটর সোহেল খন্দকার,হেলাল,হিমেল,রাহাত,শুভ সহ আরো অনেকে।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং পেশাদারভাবে কনটেন্ট নির্মাণে আগ্রহী। এই আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি মজবুত বন্ধন তৈরি করেছে।” জীবনানন্দ পার্কের সবুজ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান ছিল উৎসবমুখর, উদ্দীপনাময় ও সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। আয়োজকরা জানান, এ ধরণের আয়োজন নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে।

মিলনমেলার উদ্যোক্তা সাংবাদিক রহিম রেজা ও এম খায়রুল ইসলাম পলাশ বলেন, “রাজাপুরের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় একটি প্রাণবন্ত অনুষ্ঠান সম্ভব হয়েছে। আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার ইচ্ছা আমাদের রয়েছে।” তারা আরও জানান, ডিজিটাল যুগে রাজাপুরের তরুণদের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের বার্তা বহন করছে।

আজকালের কন্ঠ /এম / মাসুম