সুন্দরবনে ছোট সুমন বাহিনীর ৪ সহযোগী আটক | Daily AjKaler Kontho

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর ৪ সহযোগী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর ৪ সহযোগী আটক

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

শনিবার ভোরে পশুর নদীসংলগ্ন ছোট পদ্মা খালে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বেইস মোংলার একটি বিশেষ টিম অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—বিল্লাল হোসেন (২৫), রবিউল শেখ (৩২), জিন্নাত হাওলাদার (৩৫) ও কালাম গাজী (২৪)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

অভিযানে একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ড জানায়।

কোস্ট গার্ডের দাবি, আটকরা দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন।

 

আজকালের কন্ঠ /এম / ফারুক