কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের চরগঙ্গামতি পয়েন্টে ভেসে এসেছে প্রায় ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন। ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে এবং চামড়া উঠে গেছে। বৃহস্পতিবার বিকেলে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) এর সদস্যরা প্রথমে এটি দেখতে পান।

পরে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ডলফিনটিকে মাটিচাপা দিয়ে সংরক্ষণ করা হয়।

উপরা’র আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, “আমাদের টিম বন পরিদর্শন শেষে ফেরার পথে ডলফিনটিকে দেখতে পাই। ধারণা করা হচ্ছে জোয়ারের স্রোতে এটি ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন, যা সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় দেখা যায়।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “ডলফিন সংরক্ষণে আমাদের সংগঠনগুলো সবসময় সচেষ্ট। এ পর্যন্ত চলতি বছরেই উপকূলীয় এলাকায় অন্তত ৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি যেন মৃত্যুর কারণ উদঘাটনে বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো হয়।”

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি বলেন, “বর্ষা মৌসুমে মৃত ডলফিন ভেসে আসা নতুন কিছু নয়। উন্নত দেশগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় এগিয়ে থাকলেও আমাদের দেশে এখনো বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ বাস্তবায়নে ঘাটতি রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর উদ্যোগ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।”

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, “আমরা বিষয়টি জানার পরপরই ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করি, যাতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের সমস্যা না হয়।”