সাংবাদিক সুরক্ষা আইন প্রক্রিয়াধীন : পিআইবি মহাপরিচালক | Daily AjKaler Kontho

সাংবাদিক সুরক্ষা আইন প্রক্রিয়াধীন : পিআইবি মহাপরিচালক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সাংবাদিক সুরক্ষা আইন প্রক্রিয়াধীন : পিআইবি মহাপরিচালক

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রানি রোধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আমাদের মতামত গণমাধ্যম সংস্কার কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর মিথ্যা বয়ানের মাধ্যমে অনেক প্রতিবেদন তৈরি হয়েছে। যে কারনে দেশের সঠিক পরিস্থিতি মানুষ জানতে পারেনি। যদি সঠিক সাংবাদিকতা থাকত, জবাবদিহিতার জায়গা থাকত, তাহলে দেশে গণতন্ত্র থাকত। দলবাজ ও দুর্নীতিবাজরা অন্যান্য স্তম্ভের ন্যায় গণমাধ্যমকেও গ্রাস করেছিলো।

এর আগে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। প্রশিক্ষনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

সমাপনী দিনে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাবেক চীফ রিপোর্টার খন্দকার কাওসার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, প্যানেল আহবায়ক গিয়াসউদ্দিন মিয়া, আগৈললঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ মাহবুব প্রমূখ। প্রশিক্ষণে গৌরনদী ও আগৈলঝাড়া’র ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন