নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে :শফিকুল আলম | Daily AjKaler Kontho

নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে :শফিকুল আলম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে :শফিকুল আলম

আজকালের কন্ঠ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, কালকে যে ঘটনা ঘটলো- আপনারা জানেন, গণঅধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নুরের ওপরে ন্যাক্কারজনক একটা হামলা হয়। উনি অসুস্থ। উনার চিকিৎসা হচ্ছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের গণঅধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও হামলা হয়েছে, উনিও ক্রিটিক্যালি ইনজুরড হন এবং রাশেদ খান ইনজুরড হয়েছেন। তারা বলছেন তাদের ৫০ জনের মত ইনজুরড হয়েছেন। এ ঘটনার উপরে একটি জুডিসিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে তদন্ত হবে। এটার টার্মস অব রেফারেন্স এবং এটার আরো কোন মেম্বার থাকবে কি না জানিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়েছেন শফিকুল। তিনি বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

‘তিনি নুরকে আরও জানিয়েছেন যে, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। যদি প্রয়োজন হয়- তবে যেকোনো আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।’

শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন। নুরসহ গণঅধিকার পরিষদের পাঁচজন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।