
মোঃ রোকনুজ্জামান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের পর সুমন মিয়া (৩২) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় হামলায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায়।
আসামি সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিন মাস্টারের ছেলে। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে সুমন মিয়াকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের একটি টিম। এরপর আসামিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা একাধিক স্থানে হামলা চালায়।
প্রথমে বরমী এলাকায় হামলা চালানো হলেও সেখান থেকে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। পরে সাতখামাইর এলাকায় আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সিসিডিবি ও ডিবার পার এলাকায় পর্যায়ক্রমে আরও হামলা চালানো হয়। সবশেষ শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে সুমন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “জেলা গোয়েন্দা পুলিশ আসামি সুমন মিয়াকে আটক করার পর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা একাধিকবার হামলা চালায়। সর্বশেষ হামলায় পুলিশের তিন সদস্য আহত হন এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :