রাণীনগরে সরকারি চাল উদ্ধারের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

রাণীনগরে সরকারি চাল উদ্ধারের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
রাণীনগরে সরকারি চাল উদ্ধারের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

আত্রাই- ‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান।

ঘটনার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন তিনি।

‎রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বলেন,১৫টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে গত ২৪আগস্ট গোপন সংবাদে জানতে পারেন,উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামের বাড়ী থেকে দেড় হাজার কেজি (৩০কেজির ৫০বস্তা) চাল উদ্ধার করা হয়।পরে উদ্ধার চালগুলো গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়। কিন্তু ওই বাড়ীতে কে চালগুলো রেখেছিল তা সাথে সাথে সনাক্ত করা যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জরিতদের সনাক্ত করে ৯জনের নামে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্যগুদামে হেফাজতে রাখা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে ৭জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ২জনকে আসামী করে মামলা দিয়েছেন। এঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর বি