কুয়াকাটা সৈকতে আবারও মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকতে আবারও মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে আবারও মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সৈকতে তিন দিনের ব্যবধানে আবারও ভেসে এলো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কুয়াকাটার চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয়দের কল পাওয়ার পর কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকালে নিহত ব্যক্তির পরনে কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট ছিল। তবে মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা ধারণা করছেন, মরদেহটি সম্ভবত কয়েকদিন আগে সাগরে নিখোঁজ হওয়া কোনো জেলের হতে পারে। এর আগে গত ২৩ আগস্ট একই সৈকতের গঙ্গামতি এলাকা থেকে আরও একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আজকালের কন্ঠ/আর বি/এম