দলীয় পদ হারালেন বিএনপি নেতা ফজলুর রহমান | Daily AjKaler Kontho

দলীয় পদ হারালেন বিএনপি নেতা ফজলুর রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
দলীয় পদ হারালেন বিএনপি নেতা ফজলুর রহমান

আজকালের কন্ঠ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) তারিখে ফজলুর রহমানের নামে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) তারিখে ২৪ ঘণ্টার সময় বাড়ানো হয়।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি যে লিখিত জবাব দিয়েছেন, তা ‘অসন্তোষজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দলীয় সিদ্ধান্তে বলা হয়, ‘তথাপিও, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

সিদ্ধান্তে আরও উল্লেখ করা হয়, ‘এখন থেকে আপনি টকশো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’

আজকালের কন্ঠ/আর বি