
মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে মহিপুর-আলিপুর মৎস্য বন্দর সংলগ্ন খাপড়াভাঙ্গা খালে এ অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ডের নিজামপুর স্টেশন জানায়, অভিযানে অবৈধভাবে মাছ ধরার জন্য প্রস্তুতকৃত তিনটি ট্রলার আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে জড়িত বোট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠের তৈরি ঐসব ট্রলারকে নিয়ম বহির্ভূতভাবে লোহার যন্ত্রাংশ যুক্ত করে যান্ত্রিক শক্তি ব্যবহার করে মাছ আহরণের উপযোগী করে তোলা হয়েছিল। এসব অবৈধ ট্রলিং বোট সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে এবং নির্বিচারে মাছ শিকার করছে।
গবেষকরা বলছেন, অবৈধ ট্রলিং বোটের কারণে সমুদ্রের জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। মাছের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপাদন ও প্রজনন হ্রাস পাচ্ছে। এর ফলে উপকূলে জেলেদের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং সমুদ্রে ধীরে ধীরে মাছের সংকট দেখা দিচ্ছে।
স্থানীয় জেলেরা অভিযোগ করে বলেন, “দিন দিন অবৈধ ট্রলারের দৌরাত্ম্য বাড়ছে। এগুলো বন্ধ না হলে আমরা সাগরে গিয়ে আর মাছ পাব না। সরকার ও প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো জরুরি।”
এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ ধরার ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় জেলেরা। তারা আশা প্রকাশ করেছেন, নিয়মিত এ ধরনের কার্যকর উদ্যোগের মাধ্যমে সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং দেশের মৎস্যসম্পদ সুরক্ষিত থাকবে।
আজকালের কন্ঠ/রাহাত/মিজানুর
আপনার মতামত লিখুন :