
নিজস্ব প্রতিনিধি : দেশের কৃষি উৎপাদনকে টেকসই ও আধুনিক করতে বীজ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ ভবন, হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বীজ সংরক্ষণ, পরীক্ষা ও প্রক্রিয়াকরণের কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দেন। তিনি বলেন, “কৃষকের হাতে মানসম্মত ও বিশুদ্ধ বীজ পৌঁছে দেওয়া গেলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এজন্য বিএডিসিকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর হতে হবে।”
বিএডিসির দায়িত্বশীলরা জানান, বর্তমানে দেশে বীজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের কাজ চলছে। এর ফলে কৃষকরা নির্ভরযোগ্য বীজ সংগ্রহ করতে পারবেন, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
বীজ ভবন পরিদর্শন শেষে উপদেষ্টা মিরপুর দারুস সালাম থানার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আজকালের কন্ঠ/ আর এস /সুমন
আপনার মতামত লিখুন :