রোদ-বৃষ্টির ভেতর জীবনযুদ্ধ: বাদাম বিক্রেতা রবিনের সংগ্রামী পথচলা | Daily AjKaler Kontho

রোদ-বৃষ্টির ভেতর জীবনযুদ্ধ: বাদাম বিক্রেতা রবিনের সংগ্রামী পথচলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
রোদ-বৃষ্টির ভেতর জীবনযুদ্ধ: বাদাম বিক্রেতা রবিনের সংগ্রামী পথচলা

জাকির হোসেন জুয়েল, লক্ষীপুর জেলা প্রতিনিধি : রোদে ভিজে, বৃষ্টিতে সিক্ত হয়ে প্রতিদিনই রাস্তায় দাঁড়িয়ে বাদাম বিক্রি করেন রবিন। জীবনের তাগিদেই তাঁর এই সংগ্রাম। নতুন বিয়ে করেছেন মাত্র এক বছরেরও কম সময় হলো। দেশের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া , থাকেন রায়পুর বাসা ভাড়া নিয়ে। সংসার গুছিয়ে ওঠার আগেই জীবনের হিসাব-নিকাশে লড়াই করছেন তিনি।

রবিন তিন ভাইয়ের মধ্যে একজন। একই পরিবারের সবাই মিলে থাকেন, মা-বাবাও জীবিত। সংসারের খরচ জোগাতে প্রতিদিন বাদাম বিক্রি করে তিনি আয় করেন গড়ে এক হাজার থেকে বারোশো টাকা। এর মধ্যে মাস শেষে ২ হাজার ৫০০ টাকা ভাড়া দিতে হয় বাসার জন্য।

সদ্য গড়া সংসারে স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখেন তিনি। তবে দৈনন্দিন আয়ের সীমাবদ্ধতা আর সংসারের বাড়তি চাপ তাঁকে সবসময় ভাবনায় রাখে। তবুও রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংসার চালাতে।

রবিন বলেন, “মানুষের কাছে হাত পাততে চাই না। নিজে কষ্ট করি, তবুও পরিবারের মুখে হাসি ফোটাতে চাই।”

আজকালের কন্ঠ/রাহাত/জাকির