কলাপাড়ায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ‘সজারু মাছ’ | Daily AjKaler Kontho

কলাপাড়ায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ‘সজারু মাছ’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১:২৮ অপরাহ্ন
কলাপাড়ায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ‘সজারু মাছ’

পটুয়াখালী সদর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় বেল্লাল নামের এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির একটি ‘পাফারফিশ’। স্থানীয়রা এটিকে সজারু মাছ কিংবা তিলক পটকা মাছও বলছেন।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় মাছটি আলীপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসলে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। বিরল প্রজাতির এ মাছটিকে এক নজর দেখতে ভিড় লেগে যায়।

মাছটি পাওয়া জেলে বেল্লাল জানান, (১৫ আগস্ট) শুক্রবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় মাছটি পাই। প্রথমে ভয় পেয়েছিলাম,পরবর্তিতে বিক্রির জন্য নিয়ে আসলাম।

মাছটির চাহিদা কম উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ী মিজান বলেন, এসব মাছের চাহিদা কম। তাই ইলিশের সঙ্গে ওই মাছটি স্থানীয় একটি মৎস্য আড়তের সামনে ফেলে রাখা হয়। মাছটির গোটা শরীরে কাঁটা ও তিলের মতো চিহ্ন রয়েছে। দেখলে গা শিউরে ওঠে, হুবহু সজারুর মতো মনে হয়। ওজন তিন কেজির একটু বেশি। শরিরের তুলনায় লেজ চিকন।

স্থানীয় জেলেরা জানান, এটি সামুদ্রিক বিরল প্রজাতির একটি মাছ। তবে এ মাছটি বিক্রি করা যায়নি। কারণ, এ মাছ খাওয়া যায় না। জেলেদের ধারণা এটিতে বিষ রয়েছে, যা পটকা মাছের মতো মারাত্মত ক্ষতিকর।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া মাছটি ‘পটকা মাছ’ (Porcupinefish)। এটি ‘Diodontidae’ পরিবারের একটি মাছ। বাংলাতে এই মাছ ‘সজারু মাছ’ বা ‘তিলক সজারু পটকা’ নামেও পরিচিত। সজারু মাছ খাওয়া উচিত নয়, কারণ এটি বিষাক্ত হতে পারে।

 

আজকালের কন্ঠ/আর এস/শুভ