
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের একটি কোরাল মাছ। মাছটির ওজন ২১ কেজি ৮০০ গ্রাম, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার সকাল নয়টার দিকে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় মাছ শিকার করতে গিয়ে জেলে আল-আমিন খাঁ প্রথমে সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে সহযাত্রী জেলেদের সহায়তায় দু’দফা জাল ফেলেই তিনি মাছটি শিকার করতে সক্ষম হন।
বেলা ১১টার দিকে মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে আনা হলে কৌতূহলী জনতার ভিড়ে বাজার মুখরিত হয়ে ওঠে। এক নজর দেখতে শত শত মানুষ ভিড় করেন সেখানে।
নিলামের মাধ্যমে মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী খলিল ১,৫৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৯০ টাকায় ক্রয় করেন।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সাধারণত এতো বড় আকারের কোরাল মাছ সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না। তবে এটি একটি ইতিবাচক দিক, আশা করা যাচ্ছে সামনে বড় আকারের আরও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়বে।”
স্থানীয় জেলেরা জানান, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে মাছের প্রাচুর্যতা লক্ষ্য করা যাচ্ছে। তবে তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় জেলেদের সমুদ্রে যেতে সমস্যায় পড়তে হয়। তবুও এ ধরনের বড় মাছ ধরা পড়া তাদের জন্য উৎসাহজনক।
আজকালের কন্ঠ/রাহাত/মিজান
আপনার মতামত লিখুন :