বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সচিব নাজমুল আহসান মহোদয়কে বিদায় সংবর্ধনা! | Daily AjKaler Kontho

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সচিব নাজমুল আহসান মহোদয়কে বিদায় সংবর্ধনা!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সচিব নাজমুল আহসান মহোদয়কে বিদায় সংবর্ধনা!

রাহাত ভূঁইয়া, সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান মহোদয় এর গৌরবোজ্জ্বল ও সাফল্যমণ্ডিত কর্মজীবনের পরিসমাপ্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানস্থল সকলের উপস্থিতিতে পরিণত হয়েছিল শ্রদ্ধা, আবেগ ও সম্মাননার এক অনন্য মঞ্চে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব, মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল), প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম চৌবে, অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল), প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল), প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ।

বক্তারা স্মৃতিচারণায় বলেন— সচিব নাজমুল আহসান নিষ্ঠা, প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও অটল দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রকৌশলী না হয়েও তিনি ছিলেন প্রকৌশলী পরিবারের অভিভাবক; তাঁর প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনায় বোর্ডের বহু প্রযুক্তিগত চ্যালেঞ্জ সহজে অতিক্রম করেছে।

সচিব মহোদয় তাঁর বক্তব্যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“আজকের এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি আবেগের মুহূর্ত। আমি সৌভাগ্যবান যে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মতো নিবেদিতপ্রাণ ও কর্মদক্ষ দলের সাথে কাজের সুযোগ পেয়েছি। আপনারা ছিলেন আমার শক্তি ও অনুপ্রেরণা। আমি প্রকৌশলী নই, তবুও আপনাদের প্রযুক্তিগত পরিবারের একজন অভিভাবক হতে পেরেছি। আপনাদের সহযোগিতা ও মেধার কারণে আমরা একসাথে বহু জটিল সমস্যা সমাধান করেছি। আমার সহকর্মীদের কাছে অনুরোধ, ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দেশপ্রেমকে সর্বাগ্রে রেখে দেশের পানি সম্পদ রক্ষায় কাজ চালিয়ে যাবেন। এই দেশ, নদী ও সম্পদ আমাদের সবার; এগুলো আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ, বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৯০১)-এর সভাপতি, মোঃ মন্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জনাব হুমায়ুন কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি