কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ২:২৪ অপরাহ্ন
কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের সংবাদ সম্মেলন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বানভাসী মানুষ। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে কলাগাছের ভেলায় ভেসে তারা সংবাদ সম্মেলন করেন। এতে এলাকার শতাধিক ভুক্তভোগী বাসিন্দা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা হালিমা আয়শা। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে টিয়াখালী নদীর তীরবর্তী পশ্চিম লোন্দা গ্রামে বসবাস করে আসছেন ২৫০টি পরিবার। কিন্তু এ নদীর তীরে টেকসই বেড়িবাঁধ না থাকায় বছরের অধিকাংশ সময়ই জোয়ারের পানিতে প্লাবিত হয় এলাকা। এতে তলিয়ে যায় প্রায় ২০০ একর কৃষিজমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। বর্ষাকালে অনেক পরিবারের চুলোয় আগুন জ্বলে না, নষ্ট হয় জমির ফসল। তখন চলাচলের একমাত্র মাধ্যম হয় ভেলা কিংবা নৌকা।

তিনি আরও বলেন, মাত্র ৩ কিলোমিটার এলাকায় একটি টেকসই রিং বাঁধ নির্মাণ করা হলে এ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পাবে এলাকার মানুষ। তাই দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, ভুক্তভোগীরা আনুষ্ঠানিক আবেদন করলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান