গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন | Daily AjKaler Kontho

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং একই ঘটনায় সাংবাদিক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান জানানো হয়।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশের সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন। তাঁরা অনিয়ম, দুর্নীতি, জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে কলম ধরেন, অথচ নিজেরাই নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় পেশাজীবী মহলে চরম উদ্বেগ বিরাজ করছে। বক্তারা অবিলম্বে তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবি জানান এবং পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।

মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে একই দাবি পুনর্ব্যক্ত করা হয়।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান