নড়াইলে রাজমিস্ত্রী হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

নড়াইলে রাজমিস্ত্রী হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
নড়াইলে রাজমিস্ত্রী হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় শোয়েবুর খান (৪৬) হত্যার রহস্য উদঘাটন করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সবুজ শেখ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) রাত ৮ টার দিকে লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

গ্রেফতারকৃত সবুজ শেখ লোহাগড়া উপজেলার কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

প্রেস ব্রিফিংএ মো. শরিফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার ইউনুস খানের ছেলে শোয়েবুর খান নামে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। পরদিন শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে শোয়েবুর এর লাশ উদ্ধার করা হয়। রোববার (১০ আগস্ট) বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যায় সবুজ শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সবুজ শেখ স্বীকার করে যে এক নারীকে তিনি বিবস্ত্র অবস্থায় দেখছিলেন, এমন সময় শোয়েবুর সেটি দেখে ফেলে এবং তা সবাইকে বলে দিবে বললে দুজনের মাঝে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে সবুজ শেখ শোয়েবুর খান এর গলা চেপে তাকে হত্যা করেন।

আসামির স্বীকারোক্তি অনুযায়ী শোয়েবুর এর মরদেহ লুকিয়ে রাখার জন্য তার সাথে থাকা গামছা দিয়ে গলায় পেছিয়ে পাশের পুকুরে টেনে নিয়ে যায় এবং পুকুরের কচুরিপনার মধ্যে লুকিয়ে তার কাছে থাকা মোবাইলটি নিয়ে চলে যায়। আসামি সবুজ শেখ হত্যার কাজে ব্যবহৃত গামছাটি কালনা মধুমতি নদীর ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেয় এবং তার কাছে থাকা মোবাইলের সিমটি ভেঙ্গে তিনি তার বাড়ীর পাশে ফেলে দেয় এবং মোবাইলটি তিনি তার নিজ কক্ষের আলমারিতে রাখেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় সবুজ শেখকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী রিক্তা বেগম। এছাড়া শোয়েবুর এর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। আসামিকে সোমবার (১১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ/আর বি/ ই