
মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি সালিশে আপস করে জরিমানার অর্থ হিসেবে নেওয়া এক লাখ ২০ হাজার টাকার চেক এখনো ভিকটিমের পরিবারের হাতে পৌঁছায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে একা বাড়ি ফেরার পথে শিশুটি চরগোবিন্দপুর গ্রামের গুলজার হোসেনের দ্বারা নির্জন স্থানে আক্রান্ত হয়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
পরে রাতেই স্থানীয় এক সাবেক রাজনৈতিক নেতার সভাপতিত্বে সালিশ বসে। সেখানে গুলজারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই টাকার একটি চেক আরেক নেতার কাছে জমা রাখা হয়। তবে কয়েক দিন পেরিয়ে গেলেও শিশুর পরিবার কোনো অর্থ বা চেক পায়নি।
এ বিষয়ে সালিশ পরিচালনাকারী সাবেক ইউনিয়ন পর্যায়ের এক রাজনৈতিক নেতা জানান, স্থানীয়দের অনুরোধে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে তিনি ঘটনাটি আপসযোগ্য কি না, এমন প্রশ্নে সাংবাদিকদের নগদ অর্থ দিয়ে বিষয়টি ম্যানেজ করার প্রস্তাব দেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই সালিশে মীমাংসা করা যায় না। বিষয়টি আমাদের জানানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আজকালের কন্ঠ/রাহাত/সাহাবুল
আপনার মতামত লিখুন :