
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় কবাই ইউনিয়নের শিয়ালঘুনি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, গত ১৬ বছর ধরে যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে থেকেছে, মামলা-হামলার শিকার হয়েও দল ছাড়েনি তাদেরকেই আমরা মূল্যায়ন করবো। তবে সেই মূল্যায়ন হবে জনগণের রায় অনুযায়ী, ব্যক্তিগত পছন্দে নয়। আমরা দলীয় আদর্শে আপোষ করতে পারি না। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কেউ বা যারা অন্য দলের পদ-পদবিধারী, তাদের বিএনপিতে স্থান নেই। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ। কোনো নেতা যদি বহিরাগত কাউকে দলে আনে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদস্য সচিব, বরিশাল জেলা বিএনপি। উদ্বোধক ছিলেন হারুন-অর-রশিদ জোমাদ্দার, আহ্বায়ক, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,সেলিনা হোসেন বাবলী, নাসির জোমাদ্দার, কামরুজ্জামান মিজান, শাহাবউদ্দীন তালুকদার শাহীন, মো. নাসির উদ্দিন তালুকদার ও গাজী কাওছার আহম্মেদ মন্টু।
সভায় সভাপতিত্ব করেন ৭নং কবাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব গাজী কাওছার আহম্মেদ মন্টু।
ত্রিবার্ষিক সম্মেলন সভায় বিনে প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন মো. কামরুল হাসান রুবেল (চেয়ার প্রতীক) এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন গাজী কাওছার আহম্মেদ মন্টু (মাছ প্রতীক) ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো: মনিরুল হাসান মনির (টিউবওয়েল প্রতীক)।
স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনের মাধ্যমে বিএনপির ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :