বঙ্গোপসাগরে ১৫ জেলে সহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার ৯, নিখোঁজ ৬ | Daily AjKaler Kontho

বঙ্গোপসাগরে ১৫ জেলে সহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার ৯, নিখোঁজ ৬


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ১:০৯ অপরাহ্ন
বঙ্গোপসাগরে ১৫ জেলে সহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার ৯, নিখোঁজ ৬

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে থাকা ১৫ জেলের মধ্যে ৯ জনকে চার দিন ভেসে থাকার পর উদ্ধার করা হয়েছে, তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬ জেলে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ট্রলারের মাঝি আবদুর রশিদ ১৫ জেলেকে নিয়ে মহিপুর থেকে গভীর সমুদ্রে রওনা দেন। শুক্রবার সকাল ১০টার দিকে শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে জাল ফেলার পর হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি দুমড়ে-মুচড়ে সাগরে ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলার ডোবার সময়ই একজন সাগরে হারিয়ে যান। পরে বাঁশ ও ফ্লোট ধরে ভেসে থাকার চেষ্টা করতে গিয়ে আরও ৫ জন একে একে সাগরে তলিয়ে যায়। চার দিন ভেসে থাকার পর গত সোমবার রাতে শেষ বয়া এলাকায় আরেকটি মাছধরা ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।

আহত জেলেদের মঙ্গলবার ভোররাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, “এ ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখন পর্যন্ত ৯ জন উদ্ধার হয়েছে, বাকিদের সন্ধান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান