
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকারকে তার নিজ এলাকা কাশিমপুর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা কালো রঙের দুটি নোহা গাড়িতে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের দুটি নোহা গাড়ি কাশিমপুর গ্রামে আসে এবং শাহ আলম সরকারকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা তাকে তুলে নিয়ে গেল, কেন নিয়ে গেল—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবুল খায়ের বলেন, “আওয়ামী লীগ আমলে দেখতাম যাকে-তাকে তুলে নেওয়া হতো, কেউ গুম হতো, কেউ নিহত, আবার কাউকে আটক দেখানো হতো। এখন কি সেই কালো অধ্যায় ফিরে এলো?”
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “শাহ আলম সরকার একজন দায়িত্বশীল বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান। তার পরিবার জানায়, কালো গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। অবাক লাগে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরও যদি নিরাপত্তা না পাই, তাহলে আমরা কোথায় যাবো? অবিলম্বে তাকে উদ্ধার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
বিষয়টি নিয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “আমি আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম এমন কোনো ঘটনার কথা। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।”
এদিকে কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জানান, “আমার কাছে শাহ আলম সরকারকে আটকের কোনো তথ্য নেই। আর ডিবি আটক করলেও আকুবপুর থেকে আসতে সময় লাগবে। অগ্রিম কোনো মন্তব্য করা সম্ভব নয়।”
তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো দায়িত্ব স্বীকার না করায় ঘটনাটি ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :