
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণকালীন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
রবিবার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। এ সময় তারা মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
বিমানবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উইং কমান্ডার মো. আতিক হাসান। তিনি বলেন, “বিমানবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা শোকাহত। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমরা এই শোক কাটিয়ে উঠতে পারি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এটাই আমাদের কামনা।”
গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ভয়াবহ আগুনে গুরুতর আহত হয় ১৩ বছর বয়সী মাহতাব রহমান। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। দ্রুত সেনাবাহিনীর সহায়তায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। টানা চিকিৎসার পর ২৫ জুলাই দুপুর ১টা ৫০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহিদের মর্যাদা পায়, এই দোয়া করি।”
উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘিরে একটি উচ্চপর্যায়ের তদন্ত চলছে বলে জানানো হয়েছে। উইং কমান্ডার আতিক হাসান জানান, “তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নিহত ও আহতদের পরিবারকে যেসব সহযোগিতা করা হচ্ছে, তা আইএসপিআরের মাধ্যমে জানানো হবে।”
এই হৃদয়বিদারক ঘটনায় সারাদেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। মাহতাবের অকাল মৃত্যু ও সাহসিকতা দেশের মানুষের হৃদয়ে গভীর দাগ রেখে গেছে।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :