
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা হয়েছে।
শনিবার (২৬জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “স্বাধীনতার ৫৪ বছরের সংগ্রাম ও আত্মত্যাগে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের সেই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। সময়ের সাথে সাথে তারা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছেন। আমরা আর কোনো যোদ্ধাকে হারাতে চাই না।”
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের অনুপ্রেরণা, “যারা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছিলেন। তাদের স্বপ্ন যেনো বৃথা না যায়, তার জন্য আমরা কাজ করতে চাই। আজকের শপথের মাধ্যমে আমরা সমাজের সকল মানুষকে সমানভাবে এগিয়ে নিতে চাই।”
এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মাহফুজ আলম শ্রাবণের মা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁর নেতা ফজলে রাব্বি বক্তব্য রাখেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু পরিবার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আজকালের কন্ঠ/রাহাত/আরাফাত
আপনার মতামত লিখুন :