
বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হান্নান মাদবর (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে, জাজিরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কবিরাজ কান্দিতে।
নিহত হান্নান মাদবর জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ আকন কান্দির বাসিন্দা। তাঁর পিতা মির মজিদ মাদবর।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস কবিরাজের বাড়ির দ্বিতীয় তলার নির্মাণকাজে বাঁশের মাচায় উঠে কাজ করছিলেন হান্নান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে বাড়ির মালিক দাবি করেছেন, কাজ শুরুর আগে তিনি জাজিরা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে মেইন লাইন বন্ধ করার অনুরোধ করেছিলেন। তবে সেই দাবি নাকচ করে দিয়ে জাজিরা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, “বিদ্যুৎ বন্ধ করার জন্য কেউ আমাদের কোনো ফোন বা লিখিত নির্দেশ দেয়নি।”
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে কাজ চালানোর ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের গাফিলতি রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
এ ঘটনায় জাজিরা থানা পুলিশ অপমৃত্যুর মামলা রুজু করেছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :