মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবরে নীলফামারী জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি | Daily AjKaler Kontho

মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবরে নীলফামারী জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর  কবরে নীলফামারী জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মরহুমার সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় তিনি মাহরিন চৌধুরীর আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মরহুমার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরী। এরপর ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার পর তিনি মারা যান। চিকিৎসকদের মতে, তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। সোমবার নীলফামারীর জলঢাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আজকালের কন্ঠ/রাহাত/শাহজাহান