ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির নবগঠিত সমন্বয় সভা মঙ্গলবার (২২ জুলাই) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ময়মনসিংহ-জামালপুর বাস সার্ভিস চালু, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, যৌন হয়রানি, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়।

সভাপতি মোঃ মোখতার আহমেদ বলেন, “এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতায় আমরা ময়মনসিংহ বিভাগকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

সভায় আলোচিত একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রস্তাব। উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা সর্বসম্মতভাবে এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তারা জানান, টোল চালু হলে জনসাধারণের মধ্যে সরকারবিরোধী মনোভাব তৈরি হতে পারে এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেন, “পুলিশ জনগণের আস্থার প্রতীক। আমাদের উচিত কথা কম বলে কাজ বেশি করা।” তিনি ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বক্তব্য রাখার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে নির্মাণ করা হবে একটি ‘মেমরি স্ট্যাম্প’। সেইসাথে ঐতিহাসিক জুলাই-আগস্ট অভ্যুত্থান যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার সিদ্ধান্তও গৃহীত হয়।

সভাপতি সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ময়মনসিংহকে একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারী সকল প্রতিনিধিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো