
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি) র্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক শিক্ষার্থী কর্তৃক সাংবাদিকদের সঙ্গে অবমাননামুলক ও হুমকিস্বরূপ আচরণের ঘটনার নিন্দা জানিয়েছে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
রবিবার ( ২০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো–অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দোষীদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত, র্যাগিংয়ের নামে মানবাধিকারের পরিপন্থী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর অবস্থান এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা।
সংগঠনের সভাপতি মো. নাইমুর রহমান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম সোহান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগিংয়ের মতো মানবাধিকারবিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। প্রশাসনের নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ একটি ইতিবাচক উদ্যোগ হলেও, বহিষ্কৃতদের পক্ষে মানববন্ধনে সাংবাদিকদের হুমকি, গালিগালাজ ও মারধরের চেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। বিশ্ববিদ্যালয় যেন এসব অপরাধের বিচার করতে কোনো গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার না করে সেটাই কাম্য।
উল্লেখ্য, গত ২০ জুলাই র্যাগিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী মানববন্ধন করেন। এসময় মানববন্ধনকারী একাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের গালাগালি করেন এবং হুমকি দেন। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :