গাজীপুরে মাদ্রাসায় শিশুকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক | Daily AjKaler Kontho

গাজীপুরে মাদ্রাসায় শিশুকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
গাজীপুরে মাদ্রাসায় শিশুকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক

মোঃ রোকনুজ্জামান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আশরাফুল ইসলাম (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আশরাফুল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর-বড়ভিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) সকালে কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর (বুইড়া মার্কেট) এলাকায় অবস্থিত ত্বারবিয়াতুল ওম্মা নূরানী মাদ্রাসায় এই ঘটনার সূত্রপাত ঘটে। অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম ওই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করার পাশাপাশি সেখানেই বসবাস করে আসছিলেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, সোমবার সকালে আল-আমিন (১২) নামের শিশুটিকে বলাৎকারের চেষ্টা করেন আশরাফুল ইসলাম। পরে শিশুটি ভয়ে-ভয়ে বিষয়টি নিজের পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে মাদ্রাসায় গিয়ে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলে। এরপর কাশিমপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুজুর আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশু বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বড় ভাই নাদিম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।”

এদিকে স্থানীয়দের মাঝে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে। শিশুটির শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি/রোকনুজ্জামান