হাতিরঝিলে মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা | Daily AjKaler Kontho

হাতিরঝিলে মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
হাতিরঝিলে মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে এক বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাত ৩টার পর রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে এই জমকালো আয়োজন করা হয়।

মিয়ানমারে লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী ফুটবল দল। শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে। যদিও তিনদিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে হয়। ওই সাফল্য ‍উদযাপনেই এমন জমকালো আয়োজন।

রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে আফিদা-ঋতুপর্ণারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান। সেখান থেকে সরাসরি হাতিরঝিলে। রাত ৩টা ১৫ মিনিটে তারা সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

ঐতিহাসিক এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফিদা খন্দকার , ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার। বক্তারা নারী ফুটবলারদের এই অভাবনীয় সাফল্যে দেশের মানুষের গর্ব ও উচ্ছ্বাসের কথা তুলে ধরেন।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে ছিল সময়ের সীমাবদ্ধতা। জানা গেছে, ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। এছাড়াও আরও তিনজন ফুটবলার দুদিন পর দলের বাইরে যাবেন। তাই পুরো দলের সদস্যদের একসঙ্গে রেখে তাদের এই ঐতিহাসিক অর্জনকে সম্মান জানাতেই এত রাতে সংবর্ধনা।

আজকালের কন্ঠ/আর বি