
জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বণিক সমিতির বহুল আলোচিত নির্বাচন। ৫ জুলাই শনিবার রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি কেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকাল ৪টি পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে ১৬টি পদে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১,৬২৫ জন, যার মধ্যে ১,৫১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটার উপস্থিতির হার দাঁড়ায় ৯৩.১৬ শতাংশ। রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সভাপতির লড়াইয়ে জয়ী হলেন সাইফুল ইসলাম মুরাদ
সবচেয়ে উত্তেজনাপূর্ণ ছিল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা। এতে “চেয়ার” প্রতীক নিয়ে সাইফুল ইসলাম মুরাদ পেয়েছেন ৭১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল “আনারস” প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট। মুরাদ ৮৩ ভোটের ব্যবধানে জয়ী হন।
অন্য দুই প্রার্থীর মধ্যে ছাব্বির আহম্মদ মিয়াজী (হরিণ প্রতীক) পেয়েছেন ১৪০ ভোট এবং আব্দুর রব সিদ্দীকী (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন মাত্র ৯ ভোট।
বিজয়ী সভাপতির অনুভূতি নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম মুরাদ বলেন, “রায়পুরের সকল ব্যবসায়ী, আত্মীয়-স্বজন ও প্রিয় শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন আমার চলার পথকে করেছে অনুপ্রাণিত ও শক্তিময়। আপনাদের এই অমূল্য সহযাত্রা আমি আজীবন হৃদয়ে লালন করবো।”
ফলাফল নিয়ে অভিযোগ ও প্রতিক্রিয়া
আনারস প্রতীকের প্রার্থী ইব্রাহিম খান এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, “১০০ ভোট জাল করে আমাকে হারানো হয়েছে। আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি পূণরায় ভোট গণনার অনুরোধ জানিয়ে।”
টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুর রব সিদ্দীকী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন,
“টাকায় জিতেছে, টাকায় ঠকছে।”
হরিণ প্রতীকের প্রার্থী ছাব্বির আহমেদ মিয়াজীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ
নির্বাচনের দিন রায়পুর বাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রার্থীদের জোর প্রচারণা নির্বাচনের প্রাণবন্ততা বাড়িয়ে তোলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয় বলে জানিয়েছে প্রশাসন।’
আজকালের কন্ঠ/আর বি/জাকির
আপনার মতামত লিখুন :