পারিবারিক রাস্তার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ | Daily AjKaler Kontho

পারিবারিক রাস্তার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
পারিবারিক রাস্তার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া গ্রামে পারিবারিক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯০ বছর বয়সী এক বৃদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ নুহু ও তার পরিবার প্রতিবেশী কালু হাজির ব্যক্তিগত জমির ওপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় কালু হাজি বাধা দিতে গেলে শুরু হয় কথাকাটাকাটি। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র ও ইটের খোয়া দিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে বাদী পক্ষের:

মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজি (৯০) – মাথায় কোদালের আঘাতে গুরুতর জখম।

মোঃ সেলিম ইসলাম (৪০) ও মিতা বেগম (৩৫) – বর্তমানে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিবাদী পক্ষের আহত:

মোঃ নুহু (৩০), মোঃ রাফি হাজি – উভয়ের মাথায় ইটের খোয়ার আঘাত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, “কালু হাজি তার জমিতে রাস্তা নির্মাণে বাধা দিলে নুরের লোকজন উত্তেজিত হয়ে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, “এক সময়ের শান্তিপূর্ণ এই পাড়া এখন উত্তপ্ত হয়ে উঠেছে। আগস্ট মাসের পরে এলাকায় একধরনের অস্থিরতা, দখলদারিত্ব আর চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিশেষ করে নুর ও তার ঘনিষ্ঠরা নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে অনেকে জানান।”

ঘটনার পরপরই বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলঞ্চ সারোয়ার বলেন,
“কালু হাজি পক্ষ থেকে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

স্থানীয় জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/সাহাবুল