খুলনার রূপসায় ২০০ বোতল ফেন্সিডিল সহ সাতক্ষীরার শহিদুল আটক | Daily AjKaler Kontho

খুলনার রূপসায় ২০০ বোতল ফেন্সিডিল সহ সাতক্ষীরার শহিদুল আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
খুলনার রূপসায় ২০০ বোতল ফেন্সিডিল সহ সাতক্ষীরার শহিদুল আটক

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা : খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে ২’শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। র‌্যাবের দাবি, চোরাচালানের বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ইমাদ পরিবহনের একটি বাসে করে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে র‌্যাবের দলটি আনুমানিক রাত ২টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশের পাকা রাস্তায় চেকপোস্ট বসায়।

এ সময় সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দিলে বাসটি রাস্তার পাশে দাঁড়ালে একজন যাত্রী একটি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মো. শহিদুল ইসলাম (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ার গ্রামের আকসেদ আলীর ছেলে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।