মহিপুরে কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মহিপুরে কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ৫:১২ অপরাহ্ন
মহিপুরে কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন, ব্যবহার এবং বাজারজাতকরণে উদ্বুদ্ধ করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে কারিতাস বরিশাল অঞ্চলের ‘ধরিত্রী ও একর‌্যাব’ প্রকল্পের উদ্যোগে মহিপুর কারিতাস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির কর্মকর্তা সম্রাট সেরাও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)-এর নির্বাহী সহ-সভাপতি মো. মিজানুর রহমান, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. তুহিন খান।

সভায় ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তা, সার ও ওষুধ বিক্রেতা, ডিলার, স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভাটি সঞ্চালনা করেন কারিতাস মহিপুর অফিসের ‘ধরিত্রী ও একর‌্যাব’ প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী।

আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্টের গুণগতমান নিশ্চিত করা, কৃষিতে এর ব্যবহার বাড়ানো এবং সঠিক বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশবান্ধব এই জৈব সার ব্যবহারে মাটি থাকবে উর্বর, উৎপাদন বাড়বে এবং কৃষকের খরচ কমবে।