নওগাঁয় সোনালী ব্যাংক আত্রাই শাখায় অফিসারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ | Daily AjKaler Kontho

নওগাঁয় সোনালী ব্যাংক আত্রাই শাখায় অফিসারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
নওগাঁয় সোনালী ব্যাংক আত্রাই শাখায় অফিসারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় সোনালী ব্যাংক লিমিটেডের আত্রাই শাখায় একজন অফিসারের বিরুদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান সোমবার (১৬ জুন) দুপুর ১২ টায় শাখা ব্যবস্থাপক বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ জুন) মাওলানা মুজাহিদ খান টিআর প্রকল্পের একটি বিল ফরম নিয়ে ব্যাংকে যান। উপজেলা হিসাব রক্ষণ অফিস কর্তৃক পাসকৃত বিলের বিপরীতে নগদ টাকা গ্রাহককে দেয়ার বিধান থাকলেও সোনালী ব্যাংক আত্রাই শাখার অফিসার মো. শফিক গ্রাহককে টাকা না দিয়ে টালবাহানা করেন।

তাকে পে-অর্ডার করার অজুহাত দিয়ে বিভিন্ন টেবিল ঘুরাতে থাকেন। এক পর্যায় তিনি শাখা ব্যবস্থাপকের শরণাপন্ন হলে ব্যবস্থাপক নূরনবী মিলন- বিল ফরমটি পুনরায় তার নিকট পাঠিয়ে গ্রাহক মুজাহিদ খানকে নগদ টাকা প্রদান করেন।

এদিকে অফিসার শফিক কর্তৃক হয়রানীর শিকার হওয়ায় মাওলানা মুজাহিদ খান সোমবার (১৬ জুন) তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ শাখা ব্যবস্থাপক বরাবর দাখিল করেছেন।

সোনালী ব্যাংক আত্রাই শাখার ব্যবস্থাপক নূরনবী মিলন বলেন, গ্রাহকের সাথে তার এ আচরণ ঠিক হয়নি। আমি অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করবো।