কলমাকান্দায় তক্ষক প্রাণী পাচারের সময় আটক ৯ | Daily AjKaler Kontho

কলমাকান্দায় তক্ষক প্রাণী পাচারের সময় আটক ৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন
কলমাকান্দায় তক্ষক প্রাণী পাচারের সময় আটক ৯

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি তক্ষকসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তক্ষকটি পাচারকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং সঙ্গে থাকা ৯ জনকে আটক করা হয়।

দুপুরে কলমাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের সময় তক্ষকসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এ এলাকায় তক্ষকসহ বিভিন্ন বন্য প্রাণী পাচারের অভিযোগ রয়েছে। তক্ষক পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্র জড়িত থাকার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।