নাটোরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে আটক | Daily AjKaler Kontho

নাটোরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
নাটোরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে আটক

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে এবং তাকে সহায়তাকারী হিসেবে তার বাবাকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোববার (গতরাত) গভীর রাতে অভিযান চালিয়ে দুজনকেই আটক করা হয়।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী তরুণীকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে মোঃ রাকিব হোসেন (২৩)। এই ঘৃণ্য ঘটনায় তাকে সহায়তা করে তার বাবা মোঃ ছাইদুল (৫০)।উভয়ের ঠিকানা: গড়মাটি, থানা–বড়াইগ্রাম, জেলা–নাটোর।

ভুক্তভোগীর অভিভাবক মোঃ মিজানুর রহমান (৪০), পিতা–মৃত মকবুল হোসেন, সাং–গড়মাটি, থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিব হোসেন ও তার বাবা মোঃ ছাইদুলকে আটক করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলাম সারোয়ার বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।