
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে মাত্র ৫০০ টাকার জন্য স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে স্বপন মিয়া (৩৭) নামে এক ব্যক্তি। ঘটনার প্রায় এক সপ্তাহ পর তাকে গাজীপুরের শ্রীপুর থানার ভাংনাহাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৬ জুন ঈদুল আযহার আগের দিন সকালে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকার একটি ভাড়া বাসায় স্বপন মিয়া তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে (৩৫) শিল ও বঁটি দা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে বাসায় তালা দিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পলাতক স্বপন মিয়াকে ধরতে পুলিশের পক্ষ থেকে টানা অভিযান চালানো হয়। শুক্রবার (১৩ জুন) বিকাল ৫টার দিকে তাকে ভাংনাহাটি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তি পাওয়া গেছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :