আবু সাঈদ হত্যায় মামলায় এএসআই আমিরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির | Daily AjKaler Kontho

আবু সাঈদ হত্যায় মামলায় এএসআই আমিরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ১২:০২ অপরাহ্ন
আবু সাঈদ হত্যায় মামলায় এএসআই আমিরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির

আজকালের কন্ঠ ডেস্ক : শহিদ আবু সাইদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি এএসআই আমির হোসেন সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ১০ টার পর তাদের কারাগার থেকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলায় আরও হাজির করা হয়েছে কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। যদিও এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এর ওপর শুনানি হবে।

এর আগে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন।

অপরদিকে যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ও তদন্ত শেষ করতে পারেনি তদন্ত সংস্থা।