মোংলায় যুবদল নেতার ওপর হামলা: অভিযুক্ত মোহন স্বেচ্ছাসেবক দলের কেউ নন বলে জানালেন নেতারা | Daily AjKaler Kontho

মোংলায় যুবদল নেতার ওপর হামলা: অভিযুক্ত মোহন স্বেচ্ছাসেবক দলের কেউ নন বলে জানালেন নেতারা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ২:২৭ অপরাহ্ন
মোংলায় যুবদল নেতার ওপর হামলা: অভিযুক্ত মোহন স্বেচ্ছাসেবক দলের কেউ নন বলে জানালেন নেতারা

মোংলা প্রতিনিধি : মোংলায় যুবদল নেতা মোঃ রাহাত হোসেন মুন্নার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মোহনকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পর্কহীন বলে দাবি করেছে স্থানীয় নেতৃত্ব।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল সাব্বির ও সদস্য সচিব মো. নুর উদ্দিন টুটুল বলেন, “মোহন বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কোনো পদে নেই। তিনি আগের একটি কমিটির প্রস্তাব চলাকালে স্বেচ্ছায় সরে দাঁড়ান। এরপর আর কোনো সাংগঠনিক দায়িত্ব বা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না।

তারা বলেন, “মোহনের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংগঠন তার দায় নেবে না। ফেসবুকে নিজেকে যুগ্ম আহ্বায়ক দাবি করলেও সেটি মিথ্যা ও ভিত্তিহীন।

গত ১০ জুন (মঙ্গলবার) সকালে মোংলার মেরিন ড্রাইভ সড়কের শিকারী মার্কেট এলাকায় যুবদল নেতা মুন্নার ওপর ধারালো চাপাতি দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় মুন্নার পরিবার মোংলা থানায় মামলা দায়ের করে। পুলিশ মোহনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও স্থানীয় যুবদল নেতা মো. আলাউদ্দিন বলেন, “এই হামলা নিছক কোনো বিরোধ নয়। এটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা গেছে।

স্থানীয় বিভিন্ন মহল বলছে, রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে সহিংসতায় জড়ানো উদ্বেগজনক। তারা হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।