অধিনায়ক হচ্ছেন মিরাজ, বৃহস্পতিবারই জেনেছেন | Daily AjKaler Kontho

অধিনায়ক হচ্ছেন মিরাজ, বৃহস্পতিবারই জেনেছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অধিনায়ক হচ্ছেন মিরাজ, বৃহস্পতিবারই জেনেছেন

স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হয়েছেন। তবে তিনি নিজেও বিষয়টা জেনেছেন বৃহস্পতিবারই। তিনি যা বললেন, তা থেকে এটা পরিষ্কার যে বিষয়টা নিয়ে নিজের মতটাও ঠিকভাবে দিতে পারেননি মিরাজ।

মিরাজ শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাকে অধিনায়ক হওয়ার জন্য কালকে বলেছে, ফাহিম স্যার ডেকে নিয়ে বলেছেন তোমাকে অধিনায়ক করব বলে ভাবছি, আমাদের হাতে সময় নেই, সামনে অনেক খেলা আছে, সেটার জন্য ওয়ানডে দলটাকে সেট করতে হবে, আমরা ওভাবে প্ল্যান করছি।’

অধিনায়ক হওয়ার বিষয়ে সম্মতি হয়তো ছিল আগে থেকেই। কিন্তু সে অধিনায়ক হওয়ার আগে মেয়াদ নিয়েও হয়তো তার কথা শোনা হয়নি। সেটা পরিষ্কার তার পরের কথা থেকেই। ১ বছরের মেয়াদ নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করেন মিরাজ।

তিনি বলেন, ‘বেশি দিন ধরে অধিনায়ক থাকলে বিষয়টা ভালো হয়, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ। বোর্ড কীভাবে চিন্তা করছে, যেহেতু দলটা একটু নড়বড়ে, আগে একটা বছরে দলটাকে দাঁড় করাই, তারপর হয়তো পরবর্তী পদক্ষেপ, পরের প্ল্যানটা জানাতে পারবে, কন্টিনিউ করবে নাকি কী হবে। তো সামনে একটা বছর যেহেতু অনেক খেলা আছে, আমাদের সময় এসেছে দলটাকে দাঁড় করানোর।’

এর আগেও অধিনায়ক ছিলেন বাংলাদেশ দলের। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে যাত্রাটা ভালো হয়নি তার। তিনি ব্যক্তিগতভাবে পারফর্ম করতে পারলেও দল হেরেছিল তিনটি ম্যাচেই। সে সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অধিনায়কত্বের অভিষেক হয়েছে একটা পরিস্থিতিতে থেকে। শান্ত তখন অধিনায়ক ছিল, সে চোট পাওয়াতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটায় আমাকে অধিনায়ক করা হয়েছিল। সে পরিস্থিতিতে অধিনায়কত্ব করাটা কঠিন, সেট আপটা সম্পূর্ণ শান্তরই ছিল, আমার স্রেফ মাঠ চালাতে হয়েছে, ওই সময়টায় আমার অভিজ্ঞতা হয়েছে।’

অধিনায়ক হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায়। সে সিরিজটা জিততে চান মিরাজ। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় লক্ষ্য থাকবে সিরিজ জেতা। ওয়ানডেতে অনেক দিন পর খেলছি। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে যখন আমরা খেলেছি, বছরে ১৫-২০টা ম্যাচ ছিল। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে শেষ কয়েক বছরে এভাবে হয়নি। খেলোয়াড়দের জন্যও বিষয়টা চ্যালেঞ্জ যে অনেক দিন পর খেলা হচ্ছে। অবশ্যই চ্যালেঞ্জ হবে। তবে আমাদের লক্ষ্য সিরিজ জেতা।’