লোহাগড়ায় ঈদের দিন রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর প্রাইভেটকার | Daily AjKaler Kontho

লোহাগড়ায় ঈদের দিন রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর প্রাইভেটকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
লোহাগড়ায় ঈদের দিন রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর প্রাইভেটকার

কাজী ইমরান,নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মাহমুদ আলী নামে এক ব্যবসায়ীর প্রিমিও-১৫ মডেলের একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারটি পুরোপুরি পুড়ে গেছে।

শনিবার (৭ জুন) ঈদের দিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহমুদ আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ হাফিজার আলীর ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন। তিনি ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছেন।

ভুক্তভোগী মাহমুদ ও তার স্বজন সূত্রে জানা গেছে, শামুকখোলা গ্রামে মাহমুদের নিজ বাড়িতে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা না থাকায় ঈদের দিন শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ব্যবসায়ী মাহমুদ প্রাইভেটকারটি বাড়ির পাশে প্রতিবেশী কামরুল নামে এক ব্যক্তির বাড়ির সামনে পার্কিং করে কাভার দিয়ে ঢেকে রাখা হয়। পরে মাহমুদ ভাই-বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত ২ টার দিকে গাড়ি পার্কিং-এ দেখে বাসায় চলে যান। এরপর রাত সাড়ে ৩ টার দিকে প্রতিবেশী কামরুল তার প্রাইভেটকারে আগুন লাগার বিষয়টি তাদের জানান। খবর পেয়ে মাহমুদ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার জ্বলতে দেখেন। পরে ৯৯৯ এ কল দেয়া হলে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গাড়িটি রক্ষা করতে পারিনি। প্রাইভেটকারটি পুরোপুরি পুড়ে গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।