
আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর জাতীয় ঈদগাহ ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত। একসঙ্গে ৩৫ হাজার মানুষ এতে অংশ নিতে পারবেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে শনিবার সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর তিনি প্রস্তুতির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
শাহজাহান মিয়া বলেন, ‘জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। যেহেতু বর্ষাকাল চলছে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে। সেটা মাথায় রেখেই প্রস্তুতি সম্পন্ন করেছি।
তিনি বলেন, কোনো রকমের অসুবিধা যাতে না হয় সেজন্য সামিয়ানার ওপরে ত্রিপাল দেওয়া আছে এবং এখানকার ড্রেনেজ সিষ্টেম খুবই চমৎকার। পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজেই মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন।
আপনার মতামত লিখুন :