ভালুকায় তুষের বস্তার নিচে ৩৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার, পিকআপ জব্দ করেছে যৌথ বাহিনী
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
ব্যুরো চীফ ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় তুষের বস্তার নিচে লুকিয়ে পাচারকালে ৩৮৮ বোতল বিদেশি মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক পাচারের অভিনব কৌশল ভেসে উঠে।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভালুকার একটি সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক পিকআপটিকে থামানো হয়। তল্লাশি চালিয়ে তুষের বস্তার নিচ থেকে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮৮ বোতল বিদেশি মদ। পিকআপটি জব্দ করা হলেও এখনো কাউকে আটক করা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনসাধারণকে এ বিষয়ে সচেতন থেকে যেকোনো ধরনের সন্দেহজনক তথ্য জানাতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ময়মনসিংহ অঞ্চলে এর আগেও একাধিকবার চোরাচালানবিরোধী সফল অভিযান চালিয়েছে প্রশাসন। সম্প্রতি ওই অঞ্চলে ১৫ কোটিরও বেশি টাকার চোরাচালান পণ্য জব্দের ঘটনাও ঘটেছে।
আপনার মতামত লিখুন :