৬ লেন সড়কের অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

৬ লেন সড়কের অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
৬ লেন সড়কের অধিগ্রহনকৃত জমির ন্যায্য  মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির মৌজা মূল্য মানি না। মহাসড়ক প্রশস্ত হোক আমরা তা চাই, কিন্তু আমাদেরকে জমির বর্তমান প্রকৃত বাজার মূল্য দিতে হবে। এমন দাবীতে ঝিনাইদহ কালীগঞ্জে ঝিনাইদহ যশোর ৪৭ কিলোমিটার ৬ লেনের সড়কের দু’ধারের অধি গ্রহনকৃত জমি ও স্থাপনার মালিকগণ মানববন্ধন করেছেন। সোমবার সকালে শহরের মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় জমি মালিকগণের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, জালাল উদ্দিন ও তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্থ জমি মালিকেরা জানান, প্রায় ৩ বছর হল নির্মানাধীন ৬ লেনের মহাসড়ক নির্মানের জন্য ভুমি অধিগ্রহনের কাজ চলছে। কিন্তু, এখনো জমি বা স্থাপনা বাবদ কোন অর্থ প্রদান করা হয়নি। তারা শুনেছেন সরকার ৪০/৫০ বছর আগের জমির মৌজা মূল্য ধরে অর্থ প্রদানের চেষ্টা করছে। এমনটা হলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসবে। মাহমুদ রায়হান লাল্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা আরো বলেন,কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে ফ্লাইওভার করা হলেও ফ্লাইওভারের নিচে অতিরিক্ত জমি অধিগ্রহন করা বন্ধ করতে হবে।

সেই সাথেই অধিগ্রহনকৃত তাদের জমির উপর অবস্থিত স্থাপনার আংশিক ক্ষতি-পূরণ তারা মানবে না। তাদের দাবী বিগত ফ্যাসিষ্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে সংযুক্ত করা জমি অধিগ্রহন বন্ধ করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের জমি নিয়ে অথবা পরিত্যক্ত গোডাউনের যায়গায় সড়ক নির্মাণ করার দাবী জানান। সেইসাথেই প্রয়োজনীয় জমি থেকে বেশি জমি অধিগ্রহন বন্ধ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।